Sylhet Today 24 PRINT

বুড়িকিয়ারি বাঁধ অপসারণের দাবিতে জুড়ীতে মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারি বাঁধ অপসারণ ও জুড়ী নদী পুন:খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে বানভাসি জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শেখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি মো. নাহিদ আহমদ, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, যুবলীগ নেতা ডা. আব্দুল হান্নান, জুড়ী হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত জোট সরকারের আমলে অপরিকল্পিতভাবে বুড়িকিয়ারি বাঁধ দেওয়া হয়েছে। ফলে পাহাড়ি ঢলের পানি দ্রুত নামতে না পেরে হাওর এলাকায় বন্যা ও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বক্তারা দ্রুত বাঁধটি অপসারণসহ পানি নিষ্কাসনের ব্যবস্থা গ্রহণ এবং অচিরেই জুড়ী নদী পুন:খননের দাবি জানান।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.