বিশ্বনাথ প্রতিনিধি | ০৯ জুলাই, ২০১৭
সিলেটের বিশ্বনাথে পরিত্যক্ত ডিস-লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গিয়াস উদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে।
রোববার (৯ জুলাই) সকালে কিশোরপুর গ্রামের বাড়ির ক্ষেতের জমিতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কিশোরপুর গ্রামের মৃত মৌলভী মফিজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত গিয়াস উদ্দিনের ভাতিজা শিহাব উদ্দিন। তার অভিযোগ, ওই ডিস-লাইনটি প্রায় ৩ মাস ধরে ক্ষেতের জমিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও কেউ এটি সরান নি। ফলে লাইনে বিদ্যুৎ সংযোগ থাকায় তার চাচার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত গিয়াস উদ্দিন রোববার সকাল ১১টায় বাড়ির পার্শ্ববর্তী কৃষি জমিতে কাজ করতে গেলে পরিত্যক্ত একটি ডিস লাইন দেখতে পান। এ সময় কাজের সুবিধার্থে লাইনটি সরাতে চাইলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।