Sylhet Today 24 PRINT

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুলাউড়ায় যুবতিকে কুপিয়ে হত্যা

কুলাউড়া প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়ায় রেহানা বেগম (১৭) নামের এক যুবতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (০৯ জুলাই) ভোররাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবতি এই গ্রামের আছকর আলীর মেয়ে।

সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ ও বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন নিহতের পিতা। এই ঘটনায় একই ইউনিয়নের আশ্রয়গ্রামের রকিব আলীর ছেলে লাল মিয়াকে অভিযুক্ত করেছে রেহানার পরিবার।

সকালে খবর পেয়ে ওই যুবতির লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পরপর লাল মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল ইউনিয়নের আছকর আলীর বসতঘরে রোববার ভোররাতে কয়েকজন যুবক প্রবেশ করে। ঘরে ঢুকে তারা প্রথমে রেহানাকে কুপিয়ে হত্যা করে। মেয়কে বাঁচাতে এগিয়ে গেলে আছকর আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে যুবকরা পালিয়ে যায়। পরে আছকর আলীর চিকিৎকারে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বাসিন্দারা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ভোররাতে রেহানার রক্তাক্ত লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ৭টায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘লাশ ময়ন্তাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভোররাতে কয়েকজন যুবক ডাকলে আছকর আলী ঘরের দরজা খুলে দেন। এরপর তারা ঘরে ঢুকে এ ঘটনা ঘটায়। নিহতের বাবার দাবি তাদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এছাড়া মেয়কে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.