নিজস্ব প্রতিবেদক | ১০ জুলাই, ২০১৭
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য বাউল আব্দুর রহমান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সকাল ১১টায় তিনি প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা: দেবপদ রায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'বাউল রহমানের চিকিৎসা শুরু হয়েছে, তিনি চারতলার এক নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেয়া হবে।'
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে ইনফেকশন জনিত সমস্যা থাকতে পারে। অধিকতর পরীক্ষার পরে বিস্তারিত জানা যাবে।
এদিকে আব্দুর রহমানের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংবাদিক আব্দুল আলিম শাহ, সুমন কুমারদাশ, সংগীতশিল্পী অনিমেষ বিজয় কর, শামীম পারভেজ, ইকবাল সাঁই, সংস্কৃতিকর্মী সামসুল আলম সেলিম, হুমায়ুন কবীর জুয়েল, সুপ্রিয় দেব শান্ত সহ আরও অনেকেই।
বাউল আব্দুর রহমান শাহ আব্দুল করিমের সরাসরি শিষ্য। বাংলাদেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় করিমের গান আর দর্শন প্রচার করেন আব্দুর রহমান।