মাধবপুর প্রতিনিধি | ১১ জুলাই, ২০১৭
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেছেন, মাদক এমন একটি ব্যাধি যা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহতা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যা পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে। যৌন নির্যাতন, ধর্ষণ, চুরি-ডাকাতিসহ সমস্ত অপরাধের মূলে রয়েছে মাদকের অনুপ্রবেশ।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হল রুমে সীমান্তে অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাজ্জাদ হোসেন আরও বলেন, কিছু সংখ্যক মাদক ব্যবসায়ীর জন্য আমাদের সমাজ-দেশ ধ্বংস হয়ে যাবে, তা হতে দেয়া হবে না। মাদক বিক্রেতা, সেবনকারী, পরিবহনকারী কাউকেই ছাড় দেয়া হবে না। মাদক মুক্ত সমাজ ও দেশ গড়তে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ। মাদক আমাদের জাতির জন্য অভিশাপ। তাই মাদক ব্যবসায়ীসহ তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা এ এলাকাকে মাদকমুক্ত করে ছাড়বই ইনশাল্লাহ।
ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের নব নিযুক্ত অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী,উপ অধিনায়ক মিজান মঈন, চৌমুহনী ইউ/পি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগর, সাংবাদিক হামিদুর রহমান, মাওলানা আনোয়ারুল হক মীর্জা, হাফেজ আ. আহাদ প্রমুখ।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।