Sylhet Today 24 PRINT

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জগন্নাথপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৭

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) 'দুটি সন্তানের বেশী নয়/একটি হলে ভাল হয়, দুই সন্তানে গড়ি ঘর/ধনে জনে স্বনির্ভর ইত্যাদি ১০টি প্রতিপাদ্য প্রচারণার মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে 'পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন জাতির উন্নয়ন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামস উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

পরে ২০১৬-১৭ বছরে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় আশারকান্দি ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী হালিমা বেগম, পাটলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা রিনা বেগম, পাটলী উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ফারুক আহমদ এবং আশারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আবু ঈমানীকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.