নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০১৫
লেখক ও ব্লগার অন্তত বিজয় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট। সোমবার দুপুর ১২ টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মাকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক শহিদুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।
এরআগে সকাল সাড়ে ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয় গণজাগরণ মঞ্চের কর্মী সংগঠকরা।
স্মারকলিপিতে অনন্ত বিজয় ছাড়া সাম্প্রতিককালে খুন হওয়া অন্যান্য ব্লগার-লেখক ও গণজাগরণ মঞ্চের কর্মী হত্যার বিচার দাবি করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এরআগে ব্লগার রাজীব হায়দার, গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদার, লেখক অভিজিত রায় ও ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হলেও খুনিদের গ্রেফতার বা সনাক্ত করা সম্ভব হয়নি। খুনিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর এই ব্যর্থতার কারনেই একের পর এক খুনের ঘটনা ঘটে চলছে। যার সর্বশেষ শিকার হলেন অনন্ত বিজয় দাশ। এই হত্যাকান্ডের বিচার না হলে আগামীতে হয়তো আরো অনেকেই খুনের শিকার হতে হবে। লেখক,
শিক্ষক, সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ কেউই এই উগ্রবাদী গোষ্ঠির হাত থেকে রেহাই পাবে না।
তাই অভিলম্বে অন্তত বিজয় হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। হত্যর সাতদিন পেরিয়ে গেলেও খুনিদের ধরতে প্রশাসনের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে স্মারকলিপিতে এ ব্যাপারে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয়।
মিছিল ও স্মাকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সাংস্কৃতিক সংগঠক এডভোকেট মনির হেলাল, সিপিবি, সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্যকর্মী বেলাল আহমদ, গণজাগরণ মঞ্চ,সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সংগঠক দেবব্রত চৌধরী লিটন, আবদুল বাতিন, একুশ তাপাদার, কবি আবিদ ফায়সাল, শুভ্রাংশু দে অপু, রাকেশ রায়, উদীচী’র সংগঠক শাহনেওয়াজ সোহাগ, নগরনাট’র সভাপতি অরুপ দাশ, যুব মৈত্রী’র সংগঠক এসএম মাসুম খান, ছাত্রফ্রন্ট, সিলেটের সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক সাকিব, ছাত্র মৈত্রী, সিলেটের সভাপতি স্বপন দাশ, রোকন উদ্দিনসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা।