হবিগঞ্জ প্রতিনিধি | ১৮ মে, ২০১৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামে সবজি বাগান থেকে শিল্পী রানী সরকার (১৮) নামে এক কলেজ ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বিনীত সরকারের মেয়ে। পুলিশের ধারণা, ওই ছাত্রীকে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজকুমার সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও শিল্পীর পরিবারিক সূত্র জানায়, স্থানীয় কলেজের ছাত্রী শিল্পী গত শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে পার্শ্ববর্তী সবজি বাগানে শিল্পীর জামাকাপড় ছেড়া ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানার এসআই আব্দুল আওয়াল লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে রোববার তার লাশের সৎকার করা হয়। রাতেই ওই ছাত্রীর বাবা বিনীত সরকার বাদী হয় মাধবপুর থানায় এজাহার দায়ের করেন। রাত দেড়টার দিকে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই আউয়াল অভিযান চালিয়ে রামেশ্বর গ্রাম থেকে রাজকুমার সরকারকে আটক করেন। রাজকুমার সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উড়িআইন গ্রামের মনমোহন সরকারের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানান, লাশের গলা, গাল ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।