Sylhet Today 24 PRINT

বড়লেখা ভূমি অফিসে জনসাধারণের দুর্ভোগ লাঘবে প্রশাসনের নানা পদক্ষেপ

তপন কুমার দাস, বড়লেখা |  ১৮ মে, ২০১৫

বড়লেখা উপজেলা ভুমি অফিসে দালালদের উৎপাত ঠেকাতে ও ভুমি সংক্রান্ত কাজে আগত জনসাধারনের নানা দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন প্রশংসনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। ১১ মে সোমবার সিলেটটুডে২৪ডটকমে ভূমি অফিসে সেবা নিতে আসা ভূমি মালিকদের হয়রানী সংক্রান্ত একটি সরেজমিন ও অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। এরপর ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান অগ্রাধিকার ভিত্তিতে ভুমি অফিসের নিরাপত্তা ও সেবা নিতে আসা লোকজনের সচেতনতায় গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করেন।

জানা গেছে, উপজেলা ভুমি অফিসের প্রধান ফটক খোলা থাকায় অবাধে বিভিন্ন শ্রেণীর লোকজন যাতায়াত এবং যত্রতত্র অটোরিকশাসহ অন্যান্য যানবাহন পার্কিং করে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাতো। এজন্য পকেট গেইট খোলা রেখে প্রধান গেইট বন্ধ রাখা হচ্ছে। ভেতরের কর্মকর্তা-কর্মচারী ও রেকর্ডপত্রের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি দেয়ালে গ্রিল দেয়া হয়েছে। দুরদুরান্তের লোকজন দালালের খপ্পড়ে না পড়ার জন্য আগত জনসাধারনের সুবিধার্থে ভূমি অফিসের প্রবেশ মুখে হেল্পডেক্স খোলা হচ্ছে। কে কি জন্য ভূমি অফিসে যাচ্ছেন সেজন্য একটি রেজিষ্টার্ড মেনটেইনের ব্যবস্থা করা হয়েছে।

সিটিজেন চার্টার অনুযায়ী জনসাধারণের সেবা নিশ্চিত করতে বিভিন্ন কাজের মূল্য তালিকা, দালাল হইতে সাবধান সম্বলিত বিভিন্ন ধরনের শ্লোগান লিখে ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। এতে সরাসরি সহকারী ভূমি কমিশনারে নিকট আবেদন করতে বলা হয়েছে। এতে কারো অভিযোগ থাকলে দালাল কিংবা অফিসের কেউ হয়রানি করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, নামজারি সহ ভূমি সংক্রান্ত যে কোন সেবার জন্য সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর কাছে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান জানান, ভুমি অফিসের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির জন্য অনেক আগেই বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়। কিন্তু বরাদ্ধের অভাবে সেগুলো বাস্তবায়ন হয়নি। বরাদ্ধ পাওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে তিনি সেসব কাজ বাস্তবায়ন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.