জগন্নাথপুর প্রতিনিধি | ১৪ জুলাই, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়কের জগন্নাথপুর পৌরশহরের সীমান্তে কাটা নদীর স্টীল ব্রিজের উত্তর পাশের এ্যাপ্রোচ (সংযোগ) সড়ক থেকে মাটি দেবে যাওয়ায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ গর্ত সৃষ্টির পর থেকেই এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। ফলে রাণীগঞ্জসহ বিভিন্ন এলাকার জনসাধারণ যাতায়াত সমস্যায় চরম দূর্ভোগে পড়েছেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত কাটা নদীর স্টিল ব্রিজটি নির্মানের পর থেকেই ঝুঁকি নিয়ে অবস্থায় যানবাহন চলাচল করছে। গত মাসের ১৩ জুন ব্রিজটির দক্ষিণ পাড়ের এ্যাপ্রোচ ধসে যাওয়ার পর সড়ক ও জনপথ বিভাগ দ্রুত ব্রিজের এ্যাপ্রোচ সংস্কার করায় যানচলাচল শুরু হয়।
এদিকে কাটা নদীর প্রবল স্রোতের কারণে ব্রিজটির দু‘পাড়ে নদী ভাঙ্গনের ফলে ব্রিজটি বিপজ্জনক অবস্থায় রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ব্রিজের ধসে যাওয়া এ্যাপ্রোচে সংস্কার কাজ দ্রুত চলছে।