Sylhet Today 24 PRINT

কুমারগাঁওয়ে শিক্ষার্থীকে মারধর: কারাগারে ৬ ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৭

সিলেট নগরীর উপকণ্ঠে কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক হওয়া ৬ ছাত্রলীগকে কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিলেটের এমসি কলেজ হোস্টেল ভাঙচুরের ঘটনায় ছাত্রাবাস বন্ধের পর বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন সুমন নামের ওই শিক্ষার্থী।

কলেজছাত্র সুমন তাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

কারাগারে যাওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্তপুরের ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আবদুল হাসিমের ছেলে সোহাগ মিয়া ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যের ছেলে সৌরভ আচার্য্য।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সুমনের করা মামলায় শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এমসি কলেজ হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী এবং ডায়মন্ডের নেতৃত্বে এ হামলা ভাঙচুর চালানো হয়েছে বলে জানাগেছে।

ভাঙচুরের পর অনির্দিষ্টকালের জন্য ছাত্রবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.