বড়লেখা প্রতিনিধি | ১৫ জুলাই, ২০১৭
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন আহমদ মিঠু অভিযোগ করে বলেছেন, বড়লেখা সহ মৌলভীবাজারের বন্যার্তরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাচ্ছে না, প্রয়োজনের তুলনায় যৎসামান্য ত্রাণ সামগ্রী সরকার বিতরণ করেছে, তাও প্রকৃতপক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের হাতে পৌঁছায়নি।
তিনি মৌলভীবাজার জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় বড়লেখায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নাছির উদ্দিন মিঠু আরও বলেন, বিএনপিসহ তার অঙ্গসংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। ছয় হাজার পরিবারকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বিএনপির অনেক নেতা কর্মীরা ব্যক্তিগতভাবে ত্রাণ নিয়ে বন্যাকবলিত লোকদের পাশে যাচ্ছেন। প্রথমবার আমাদের হাকালুকি শস্য ভাণ্ডার, মৎস্য ভাণ্ডারসহ প্রাণী সম্পদের ক্ষতি সাধিত হয়। এ ধকল যেতে না যেতেই আবার বন্যায় পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে মানুষ।
তিনি সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দের দাবী জানান।
মিঠু আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র দেশের মানুষের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আগস্ট মাসের ভিতর বড়লেখা-জুড়ী উপজেলায় ৫০ হাজার বিএনপির সদস্য সংগ্রহ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল থেকে যদি তাকে মনোনয়ন না দেয়া হলেও তিনি দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।
এ সময় বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।