Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারেও ইউএনও\'র নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০১৭

সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামানের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়েছে। চাঁদা দাবিকারী নিজেকে ইউএনও হিসেবেও পরিচয় দেয়।

রোববার (১৬ জুলাই) এ মোবাইল নম্বর ক্লোনের এ ঘটনাটি ঘটে। ঘটনাটি ধরা পড়ার পর সরকারি এ মোবাইল নম্বর একাধিক জন ব্যবহার করার অভিযোগ এনে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইউএনও।

জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামানের সরকারি ০১৭৩০৩৩১০৩১ মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করে এই নাম্বার থেকে উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানের কাছে ‘ইউএনও’র পরিচয় দিয়ে বিকাশে ২ হাজার টাকা পাঠানোর কথা বলে। বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা ইউএনওর ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করলে তাঁর নাম্বারটি ক্লোন হওয়ার বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামান বলেন, রোববার সকাল আমি ডিসি স্যারের অফিসে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। এই সময় আমার সরকারি মোবাইল নং ০১৭৩০৩৩১০৩১ থেকে আমার উপজেলার বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানকে ২ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলে প্রতারক চক্র। বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা আমার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।

তিনি আরো বলেন, সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে টের পেয়ে তাৎক্ষনিক উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করি। এ বিষয়টি বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডাইরিও করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.