Sylhet Today 24 PRINT

মালিকানার কাগজ নিয়ে ইউএনও’র কাছে বিশ্বনাথের বাসিয়া নদীর ২৮ দখলদার

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১৮ জুলাই, ২০১৭

সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদীর তীরের ১৮৭জন দখলদারদের মধ্যে ২৮ জন দখলদার তাদের মালিকানার কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট দাখিল করেছেন।

সোমবার (১৭জুলাই) বিকেলে উপজেলা পরিষদস্থ ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে তারা ওই কাগজপত্রাদি দাখিল করেন। ইউএনও অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক তাদের কাগজপত্র গ্রহণ করেন। এসময় ২৮টি দোকান মালিকদের পক্ষে প্রতিনিধি হিসেবে হাজী সুনু মিয়া, হাজী উলফত আলী, হাজী আরশ আলী রেজা, হাজী ছাতির আলী, হাজী আব্দুন নুর ও হান্নান মিয়া উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২জুলাই বাসিয়া নদী পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো: আতাহারুল ইসলাম। পরিদর্শন শেষে বিশ্বনাথ উপজেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তব্যকালে তিনি বলেন, যারা নদী চরের জায়গা দখল করে উপরে মসজিদ আর নিচে দোকানকোঠা নির্মাণ করে ধর্মের নামে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিশ্বনাথের বাসিয়া নদী তীরের ১৮৭টি অবৈধ স্থাপনার মালিকদের আগামি এক মাসের মধ্যে ইউএনও’র নিকট তাদের মালিকানার দলিলপ্রত্রাদি জমা দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন যাদের বৈধ কাগজপত্র রয়েছে, যাচাই বছাই শেষে তাদেরকে ব্যবসার জন্যে অন্যত্র জায়গা দেয়া হবে। এরই প্রেক্ষিতে ১৮৭জনের মধ্যে ২৮জন তাদের কাগজপত্র দাখিল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.