মো. মুন্না মিয়া, জগন্নাথপুর | ১৮ জুলাই, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে আউসকান্দি-রাণীগঞ্জ-জগন্নাথপুর ও পাগলা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌর শহরের শেষ সীমান্তে কাটানদীর উপর নির্মিত ‘বেইলি ব্রিজ’ (স্টিলের ব্রিজ) একমাসের ব্যবধানে তিন তিনবার সংযোগ সড়ক ধসে গেছে। এতে জনদুর্ভোগের শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।
জানা যায়, ওই সড়ক দিয়ে প্রত্যেকদিন কয়েক সহস্রাধিক লোকজন যাতায়াত করেন। দিন দিন ওই সড়কে যান চলাচল বৃদ্ধি পাচ্ছে। এতে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বেইলি ব্রিজ। ফলে একমাসের মধ্যে বেইলি ব্রিজ তিন তিনবার ধসে গেছে এবং দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ নিরসনকল্পে দীর্ঘস্থায়ী সমাধান করা হচ্ছে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, গত ১৩জুন ব্রিজের এ্যাপ্রোচে প্রথম ধস নামে। কয়েকঘন্টা ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করতে পারছিল না। পরে সড়ক ও জনপথ বিভাগ সংস্কার কাজ করে তাৎক্ষনিক সমাধান করে। শুরু হয় যানচলাচল। এর পর গত বৃহস্পতিবার (১৩ জুলাই) ফের ব্রিজের এ্যাপ্রোচে ধস নামে। ধ্বসে যাওয়া স্থানে আবার পুন:সংস্কারে নামেন সংশ্লিষ্টরা। ফলে আবার যানচলাচল। যানচলাচল শুরু হওয়া কয়েক ঘণ্টার মধ্যে তৃতীয় বারের মতো শনিবার (১৫ জুলাই) ধসে যায় বেইলি ব্রিজের এ্যাপ্রোচ। ফলে যানচলাচল ব্যাহত হচ্ছে।
ব্রিজ দিয়ে পুনরায় যানচলাচল শুরু করতে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ সওজ'র সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
তিনি আরও জানান, এখন বর্ষা চলছে, ফলে নদীতে স্রোত রয়েছে। স্রোত থাকায় সংস্কার কাজ করেও ফলা পাওয়া যাচ্ছে না। তবে এখন দীর্ঘস্থায়ী করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।