বিয়ানীবাজার প্রতিনিধি | ১৮ জুলাই, ২০১৭
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীকে শ্রেণিকক্ষের ভিতরে গুলি করে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) গভীররাতে নিহত খালেদ আহমদ লিটুর বাবা খলিল উদ্দিন বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এ মামলা (মামলা নং ১৩) করেন।
মামলার ব্যাপারটি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত ছাত্রলীগ কর্মী খালেদ আহমেদ লিটুর বাবা বাদী হয়ে ফাহাদকে প্রধান করে ৭ জনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ফাহাদ আহমদ, কামরান হোসেন, এমদাদ হোসেন, কাওছার আহমদ, দেলোয়ার হোসেন মিষ্টু, শিপু ও সাহেদ। তাদের সকলেই সিলেট জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ গ্রুপের নেতাকর্মী।
এদের মধ্যে ফাহাদ, কামরান ও এমদাদকে ঘটনার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে পরে মামলার গ্রেপ্তার হিসেবে দেখানো হয়। অপর আসামী দেলোয়ারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, 'আমরা ঘটনা তদন্ত করছি। এর সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, সোমবার সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণীকক্ষের ভিতরে গুলি করে হত্যা করা হয়। নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা যায়। তাৎক্ষনিক ওই কক্ষে অবস্থানরত অবস্থায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।