গোয়াইনঘাট প্রতিনিধি | ১৮ জুলাই, ২০১৭
সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টায় উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভায় হয়।
পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য দেলওয়ার হোসেন পরিচালনায় বক্তারা বলেন, জাফলংয়ের সন্ত্রাসী খোকন ও তার সহযোগীর হাতে একের পর এক ব্যবসায়ী আক্রান্ত হচ্ছেন। তাদের হামলায় শিকার হচ্ছেন একের পর এক ব্যবসায়ী। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে গোয়াইনঘাটের সকল স্তরের ব্যবসায়ীরা আজ নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবসায়ী নেতা মালেকের উপর হামলাকারী খোকনসহ জড়িত সব সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় না আনা হলে গোয়াইনঘাটের সকল ব্যবসায়ী সংগঠনকে নিয়ে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পিয়াইন পাথর শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফারুক উদ্দিন, হাজিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান (মন্ত্রী), আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ব্যবসায়ী কামাল হোসেন, সামছুজ্জামান কামাল, বুলবুল আহমদ, করিম আহমেদ, সেলিম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ১৫ জুলাই দিবাগত রাতে ব্যবসায়ী আব্দুল মালিক ব্যবসায়ী কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় লন্ডনী বাজারে পৌছা মাত্র খোকন ও তার সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তার সাথে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।