Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ‘মাদক ব্যবসায়ী’ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৭

সিলেটের মাদক ব্যবসায়ী দম্পতি শহীদুল ইসলাম শহীদ ও তার শিউলি আক্তার বুলুকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। এ সময় তাদের আরও ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ জুলাই) দুপুরে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মাঈন উদ্দিন চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইনসহ নগদ টাকা উদ্ধার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তারেরা হচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার আহম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. শহীদুল ইসলাম শহীদ, তার স্ত্রী মোছা. শিউলি আক্তার ওরফে বুলু, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে মো. হেলাল উদ্দিন, মো. সাগর আহম্মেদ ও মো. জালাল মিয়া।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার আহম্মদপুর এলাকায় শহীদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল দীর্ঘ অভিযান চালিয়ে স্ত্রী ও তিন সহযোগীসহ শহীদকে গ্রেপ্তার করে। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শহীদ স্বীকার করে তার কাছে বিদেশি রিভলভার ও গুলি রয়েছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের একটি দল তাকে সঙ্গে নিয়ে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, ৭ হাজার ৬০০ পিছ ইয়াবা, ৩৪৪ গ্রাম হেরোইন ও নগদ ৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে বলে র‍্যাব জানায়।

গ্রেপ্তারকৃত আসামিদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.