হবিগঞ্জ প্রতিনিধি | ১৯ জুলাই, ২০১৭
হবিগঞ্জের চুনারুঘাটের আমতলীর সুতাং নদীতে বালু উত্তোলণ নিয়ে দুই ইজারাদারের লোকজনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।
বুধবার দুপুরে এঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ইউএনও সিরাজাম মুনিরা ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার এবং দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও বালু জব্দ করেন। বর্তমানে সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।
জানা যায়, বর্তমান ইজারাদার জিতু মিয়া ও সাবেক ইজারাদার মাহবুবুল হক মিজানের লোকজন বালু উত্তোলন করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়।
ঘটনাস্থলে ইউএনও দুই ইজারাদারকে কাগজপত্র দেখাতে বললে ইজারাদার জিতু মিয়া ১৪২৪ বাংলা সনের সুতাং নদীর (গ) অংশের খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৫৪ লক্ষ ৫০ হাজার টাকার লীজের একটি কাগজ দেখান। অপর ইজারাদার মাহবুবুল হক মিজান তার ১৪২৩ বাংলা সনের খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি কাগজ দেখান।
এ বিষয়ে ইজারাদার শফিক এন্টারপ্রাইজের মালিক জিতু মিয়া বলেন, আমি ১৪২৪ বাংলা সনের সুতাং নদীর (গ) অংশের খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে লীজ এনেছি। এখন বালু তুলতে গেলে সাবেক ইজারাদার মাহবুবুল হক মিজান বাধা দিচ্ছে।
অপরদিকে সাবেক ইজারাদার মাহবুবুল হক মিজান বলেন, আমার ১৪২৩ বাংলার বালু এখনও রয়ে গেছে। আমার স্তুপকৃত বালু বর্তমান ইজারাদার গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। তাই আমি বাধা দিয়েছি।
এ বিষয়ে ইউএনও সিরাজাম মুনিরা বলেন, দু’পক্ষের সংঘর্ষের আশংকা দেখে বালু জব্দ করেছি ও ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’পক্ষকে বৃহস্পতিবার সকালে লীজের কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।