বানিয়াচং প্রতিনিধি | ১৯ জুলাই, ২০১৭
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রাম্য সালিশের রায় মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন সাবিনা বেগম (১৯) নামে এক তরুণী।
সোমবার দুপুরে উপজেলার কাগাপাশা ইউনিয়নের লোহাজুরি গ্রামে নিজের ঘরে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একই গ্রামের নান্দু মিয়ার ছেলে জুম্মন মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত সাবিনা লোহাজুরি গ্রামের দিনমজুর নিবরসা মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, জুম্মন ও সাবিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগে সাবিনা পাঁচ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গর্ভের সন্তান নষ্ট করতে জুম্মন চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে সাবিনা তার গর্ভের সন্তান নষ্ট করে।
এ নিয়ে বৃহস্পতিবার লোহাজুরি গ্রামে এক সালিশ বৈঠক হয়। সালিশে প্রেমিক জুম্মনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিশের এ রায় মেনে নিতে না পেরে চার দিনের মাথায় সাবিনা আত্মহত্যার পথ বেঁচে নেয়।
কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী জানান, দরিদ্র পরিবারের মাতৃহীন সাবিনা। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ঘরে অসহায় বৃদ্ধ বাবা ছাড়া পরিবারে আর কেউ নেই। লোকমুখে তিনি শুনেছেন- সাবিনা সালিশের রায় মেনে নিতে পারেনি বলে আত্মহত্যা করেছে।
বানিয়াচং থানার এসআই ওমর ফারুক জানান, সালিশের রায় মেনে নিতে না পেরে সাবিনা ক্ষোভে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আত্মহত্যায় প্রধান প্ররোচণাকারী প্রেমিক জুম্মনকে পুলিশ আটক করেছে।