Sylhet Today 24 PRINT

চা বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৯ মে, ২০১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স পরিচালিত শমশেরনগর চা বাগানের ফাঁড়ি কানিহাটি চা বাগানে গত শনিবার দিবাগত রাতে এক যুবকের রহস্যজনক মৃতুতে সাধারন শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ছেন।

নিহত যুবকের রহস্যজনক মৃত্যুর পর রাতে ঘরের সামনে উঠানে হাটু মাটিতে লাগিয়ে বসিয়ে রেখে ও গলায় দঁড়ি বেঁধে গাছের ডালের সাথে আটকানো দেখা যায়। গত কয়েক মাসে এই বাগানে রহস্যজনকভাবে আরও ৬ জন হত্যার শিকার হওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চা বাগানের শ্রমিকরা জানান, শনিবার দিবাগত রাতে বাগানের বড় লাইনের চা শ্রমিক অর্জুন সিং (২৮) কে হত্যার পর ঘরের উঠানে হাটু মাটিতে লাগিয়ে বসিয়ে রেখে গলায় দঁড়ি বেঁধে গাছের ডালের সাথে বেঁধে রাখা হয়। তবে অর্জুনের বড় বোন রিপি সিং বলেন, একটি পক্ষ তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে রশি দিয়ে বেঁধে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে ষড়যন্ত্র শুরু করেছে।

স্থানীয় ইউপি সদস্য সীতারাম বিন বলেন, শনিবার রাতের এ ঘটনা নিয়ে শ্রমিকরা আতঙ্কিত রয়েছেন। এসব ঘটনা নিয়ে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে সত্যতা বেরিয়ে আসবে। ইতিপূর্বে এই বাগানে ৪ জনের রহস্যজনক মৃত্যু ও ২ জনকে হত্যার ঘটনায় আতঙ্ক বাড়ছে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মতিউর রহমান বলেন, নিহত অর্জুন সিং এর সাথে বাগানের এক গৃহবধুর প্রেমের সম্পর্ক ছিল। গৃহবধুর স্বামী গত ১৫ দিন ধরে মৌলভীবাজারে দিনমজুরের কাজে ছিল। তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে রোববার ময়নাতদন্ত সম্পন্ন করে।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকের্ড হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা বুঝা যাবে। তাছাড়া লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.