Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে হিটস্ট্রোকে রেল কর্মচারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২৩ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলস্টেশনের ভানুগাছ আউটার সিগন্যালের কাছে পাথর নামানোর সময় হিটস্ট্রোকে রেলপথ রক্ষণাবেক্ষণকারী (ওয়েম্যান) মিজানুর রহমান নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মিজানুর রহমান শমশেরনগর রেলওয়ে কলোনীর মানিক মিয়ার ছেলে। তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে শমসেরনগর রেলস্টেশনের ভানুগাছ আউটার সিগন্যাল বড়চেক গ্রামের পাশে রেলের পাথর গাড়ি থেকে পাথর নামাতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মিজানুর। এসময় সঙ্গে থাকা অপর কর্মচারীরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাস্টার কবির আহমদ বলেন, রেলপথে কর্মরত অবস্থায় হীট স্ট্রোকে মারা গেছেন মিজানুর রহমান।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক হারুনুর রশীদ জানান, শনিবার কমলগঞ্জে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.