গোয়াইনঘাট প্রতিনিধি | ২৪ জুলাই, ২০১৭
সিলেটের জৈন্তাপুরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জৈন্তাপুর থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের গৃহবধূ সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে তিনি ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান। নিজের স্বামী মনে করে দরজা খুলেন ওই গৃহবধূ। এ সময় অভিযুক্ত বাবুল ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।
পরে ওই নারীর চিৎকার শুনে তার স্বামী আবুল হাসিমসহ আরো কয়েকজন এসে বাবুলকে আটক করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মায়নুল জাকির জানান, গৃহবধু ধর্ষণের অভিযোগে থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং- ১০। এছাড়া অভিযুক্ত বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।