Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংহপুর ইউনিয়নের সানিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

নিহত আব্দুল মতিন (৩৫) সানিয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনামুল হক জানান, সানিয়া গ্রামের জায়ফর আলী ও আব্দুল মতিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুল মতিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ২০ জন।”

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.