মৌলভীবাজার প্রতিনিধি | ২০ মে, ২০১৫
মৌলভীবাজারের রাজনগরে চাচার সঙ্গে প্রেম করে পালিয়ে গেছে এক কিশোরী। তবে মায়ের অভিযোগ চাচা তাকে অপহরণ করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটে সোমবার রাতে ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে। চাচার সঙ্গে ভাতিজির পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতুহুঞ্জা গ্রামের আব্দুল গফ্ফার মিয়ার মেয়ে সিমা আক্তারের (১৬) সঙ্গে একই বাড়ির ফরিদ মিয়ার ছেলে ফজর আলীর (২২) প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের মধ্যে বেশ কিছু দিন প্রেমের সম্পর্ক চলার পর গত সোমবার রাতে ফজর আলী ও সিমা আক্তার অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। সিমা আক্তারের পিতা আব্দুল গফ্ফার ও ফজর আলী একে অপরের চাচাতো ভাই হন।
এদিকে সিমা আক্তারের মা আনোয়ারা বেগম রাজনগর থানায় তার মেয়েকে অপহরণ করা হয়েছে উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। রাজনগর এসআই নাজমা আক্তার বিষয়টি তদন্ত করছেন। সিমা আক্তার ফতেহপুর আব্দুল বারী সিনিয়র দাখিল মাদরাসার ষষ্ট শ্রেণীর ছাত্রী।
রাজনগর থানার ওসি (তদন্ত) গোলাম সরওয়ার বলেন, আমাদের কাছে মেয়ের মা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্তে সে সেচ্ছায় পালিয়ে গেছে বলে মনে হয়েছে। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।