Sylhet Today 24 PRINT

বড়লেখায় শক্তিশালী ককটেল নিষ্ক্রিয় করেছে র‌্যাব

বড়লেখা প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় শক্তিশালী ৩ টি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে র‌্যাব-৯ (সিলেট) এর বোম ডিস্পোজাল ইউনিটের ইনচার্জ ডিএডি নাজির আহমদের নেতৃত্বে তিন সদস্যের টিম এ ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

গত বছরের অক্টোবর মাসে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের একটি পূজা মণ্ডপের পাশ থেকে রাতে অবিস্ফোরিত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তখন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় (নম্বর-২৫৮)।

নিষ্ক্রিয় করার সময় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, উপ-পরিদর্শক (অপারেশন) অমিতাভ দাস তালুকদার, বোম ডিস্পোজাল ইউনিটের সার্জেন্ট আবু হানিফ, মাসুদ মিয়া, কর্পোরাল ফরিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর বোম ডিস্পোজাল ইউনিটের ইনচার্জ ডিএডি নাজির আহমদ বলেন, ‘আদালতের নির্দেশক্রমে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় করা ককটেলগুলো খুবই শক্তিশালী ছিল।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.