Sylhet Today 24 PRINT

জাকির কোরেশী স্মৃতি টি-টোয়েন্টির ফাইনাল বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০১৫

সিলেট জেলা স্টেডিয়ামে জাকির কোরেশী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দিবারাত্রীর ফাইনালে বিকেল ৪টায় সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর। ফাইনালে দু’দলের পক্ষেই অংশ নিবেন জাতীয় ও স্থানীয় তারকা ক্রিকেটাররা।

বিনামূল্যের প্রবেশ টিকিট দিয়ে মাঠে বসে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমী দর্শকরা। খেলা শেষে দর্শকদের প্রবেশ টিকিটের ওপর লটারিতে থাকছে এন্ড্রোয়েড মোবাইলসহ আকর্ষণীয় পুরষ্কার। টুর্নামেন্ট’র চুড়ান্ত খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

সিলেট ক্রিকেট লীগে সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়ন শিরোপা অর্জনকারী জিমখানা ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাকির উদ্দিন কোরেশী স্মরণে টুর্নামেন্ট’র আয়োজন করা হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও অভিজাত ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.