Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পালটা ধাওয়া, শহরে আতংক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৭

হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। হবিগঞ্জে ছাত্রলীগের জেলা কমিটিতে পদ বঞ্চিত হওয়ার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যার এ ঘটনায় উভয়পক্ষ একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। ২১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গত ৩০ জুলাই অনুমোদন দেয়া হয়। কমিটিতে কয়েকজন নেতাকর্মী পদ বঞ্চিত হয়েছেন। শুক্রবার বাদ জুমা তাদের একজন মো. মহসিন তিনকোণা পুকুর পাড় এলাকায় জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী রাজকে তাকে কমিটিতে রাখা হয়নি কেন জিজ্ঞেস করেন। তাকে কমিটিতে রাখার কোনও সুযোগ ছিল না বলে জানান রাজ। এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে উভয়ের পক্ষ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। উভয়পক্ষ সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। দ্বিতীয় দফায় তারা ফের তিনকোণা পুকুর পাড় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। এ সময় একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে শহরে আতংক ছড়িয়ে পড়ে।

জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী রাজ জানান, মো. মহসিন নামে এক কর্মীকে কমিটিতে না রাখায় ক্ষুব্ধ হয়েছেন।

তিনি বলেন, আজ (শুক্রবার) দুপুরে তিনি আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হন। এর জের ধরেই মূলত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.