নিজস্ব প্রতিবেদক | ০৫ আগস্ট, ২০১৭
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রী শনিবার (৫ আগস্ট) সিলেটে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এতথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ফিলিপাইনে মামলা থাকায় রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। মামলাটি একটি পর্যায়ে গেলে রিপোর্ট প্রকাশ করা হবে।
অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে সেই দেশের ব্যাংক বলে দিয়েছে টাকা ফেরত দেবে না। এখন রিপোর্ট প্রকাশ করলে সেটা হিতে বিপরীত হতে পারে। সে কারণে রিপোর্টটি প্রকাশ করা যাচ্ছে না।
পানামা পেপারস কেলেংকারিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাদের বিষয়ে তদন্ত চলছে। দুদক বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। তারা প্রতিবেদন দিলেই ব্যবস্থা নেয়া হবে।
এরআগে, অর্থমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সেমিনারে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি, এর জন্য সরকারের পাশাপাশি জনগণকেও আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বর্জ্য ব্যবস্থাপনার উপর মতামত ও কর্মপন্থা উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন ড. জামিলুর রেজা চৌধুরী, ড. একেএম আবুল মোমেন, এস এম মাহবুবুর রহমান, আনিসুর রহমান প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ওই বছরের ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন।
মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও প্রযুক্তি আইনে অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়েছে। সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভের অর্থ ফিলিপাইনের রিজল ব্যাংকে যাওয়ার পর ইতোমধ্যে দেড় কোটি ডলার ফেরত এসেছে, বাকি অর্থ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।