Sylhet Today 24 PRINT

সিলেটে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন আজ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৫

সিলেটে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হবে। পৃথকভাবে প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রকল্প দুটি হচ্ছে নগরীর কোর্টপয়েন্ট ফুট ওভারব্রিজ এবং কুমারপাড়ায় সিসিকের স্টাফ কোয়ার্টার ভবন।

জানা যায়, ২০১৪ সালে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৪টি স্থান ও প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ তহবিল থেকে বরাদ্দ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার মধ্যে কোর্ট পয়েন্টের ফুট ওভারব্রিজ নির্মাণ প্রকল্পও ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। গত এপ্রিলের প্রথম দিকে এর প্রাথমিক নির্মাণ কাজ শুরু হয়।
বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল করপোরেশন তার নিজস্ব কোম্পানি দিয়ে ‘চিটাগং ড্রাই ডক লিমিটেড’র মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সম্পূর্ণ লোহা দিয়ে ব্রিজের বডি নির্মাণের কাজ চলছে চিটাগং ড্রাই ডকে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

সিলেট সিটি করপোরেশনের “সিসিক” প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, অর্থমন্ত্রীর বিশেষ তহবিল থেকেই ফুট ওভারব্রিজটি নির্মিত হচ্ছে। আজ অর্থমন্ত্রী নিজে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।

এদিকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সিলেট সিটি করপোরেশনের স্টাফ কোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনও আজ অনুষ্ঠিত হবে। ১০ ডিসিমেল জায়গার উপর ৮ তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টারটি নির্মিত হচ্ছে সিলেট নগরীর কুমারপাড়ায়।

সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে স্টাফ কোয়ার্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.