Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় টেম্পু চালকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় এক টেম্পু চালকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ আগস্ট) রাত ১০ টায় দিকে উপজেলার ঢাকাদক্ষিণ সড়কের ধারাবহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টেম্পু চালকের নাম সাকির আহমদ (২৫)। সাকির উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম দত্তরাইল লালমাটি গ্রামের জিলু মিয়ার ছেলে। সাকির রাজমহল কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এদিকে তাৎক্ষণিক প্রাইভেট কারের চালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সাকির টেম্পু চালিয়ে ঢাকাদক্ষিণ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে ধারাবহর এলাকার বাদশা মিয়ার মসজিদের সামনে আসা মাত্র তার টেম্পু বিকল হয়ে যায়। তিনি টেম্পুর পাশে দাঁড়ানো অবস্থায় ঢাকাদক্ষিণগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সাকির।

তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় তাকে একটি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সিলেটে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.