Sylhet Today 24 PRINT

জাফলংয়ে ছড়া থেকে কিশোরীর লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৭

সিলেটের জাফলংয়ে মানসিক প্রতিবন্ধি এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২ টায় জাফলং পাথর টিলা এলাকার পাহাড় গড়িয়ে পড়া ছড়া থেকে সীমা (১০) নামের ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

সীমা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ওরারকুল গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সীমা তার বাবা মায়ের সাথে প্রায় তিন বছর ধরে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় বসবাস করে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সীমাকে নিয়ে তার বাবা মা ষ্টোন ক্রাশার মেশিনে পাথর ভাঙ্গার কাজ করতে যায়। এসময় তাকে ষ্টোন ক্রাশার মেশিনের পাশে বসিয়ে কাজ করতে থাকেন তার মা বাবা। সেখান থেকে তাদের অগোচরে হঠাৎ করে সীমা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের প্রায় ঘন্টা দুয়েক পর পাশের ঐ ছড়া থেকে স্থানীয় লোকজন তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস.আই লতিফ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

 পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটি মানষিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলো। মৃগী রোগি হওয়ার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.