নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০১৫
অবৈধভাবে মালোয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে ভাসতে থাকা শতশত বাংলাদেশীকে উদ্ধার ও মানবপাচার বন্ধের দাবীতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবকল্যান পরিষদ নামক একটি সংস্থা। এতে সংহতি প্রকাশ করে স্থানীয় বেশ কিছু সামাজিক সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাবার পথে গভীর সমুদ্রে ভেসে মানবেতর জীবন কাটাচ্ছে হাজার হাজার বাংলাদেশীসহ রোহিংগা নাগরিক। খাদ্য ও পানীয়ের অভাবে তাদের অনেকে মারা যাচ্ছে। শারীরিক নির্যাতন করে অনেককে ভাসিয়ে দেয়া হচ্ছে গভীর সমুদ্রে। দীর্ঘদিন ধরে এভাবে মানব পাচারকারী চক্র অবৈধ পথে মানবপাচার করে আসলেও, কর্তৃপক্ষ তা প্রতিরোধে কার্যকর কোনও ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ করেন বক্তারা।
অবিলম্বে অবৈধ পথে মানবপাচার বন্ধ ও সাগরে ভাসতে থাকা বাংলাদেশীদের উদ্ধারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।