গোয়াইনঘাট প্রতিনিধি | ১০ আগস্ট, ২০১৭
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, দেশের জনগণের সেবা দিতে ব্যর্থ আওয়ামীলীগ সরকার লুটপাট, চাঁদাবাজি, হরিলুটে নিমজ্জিত হয়ে এখন দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করতে ওঠে পড়ে লেগেছে। তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, জনবিচ্ছিন্ন এ সরকার ক্ষমতায় টিকে থাকতে এখন থেকেই এমন ষড়যন্ত্র শুরু করেছে যাতে করে বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপির জনপ্রিয়তা এবং মানুষের তরে কাজ করে যাওয়ার নীতি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এদেশের জনগণের প্রাণে সংগঠন বিএনপি মানুষের কল্যানে নিবেদিত প্রাণ হয়ে অতীতে কাজ করেছে ভবিষ্যতেও করবে। তিনি গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট প্রেসক্লাবে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব উসমান গণি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম স্বপন’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লুৎফুল হক খোকন, জেলা বিএনপি নেতা আল আসলাম মুমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছয়ফুল আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। এসময় জৈন্তাপুর উপজেলা বিএনপি নেতা এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি নিজে বিএনপির নির্ধারিত ফরমে সদস্যপদ নবায়নের মাধ্যমে কার্যক্রমটি সফল উদ্বোধন করেন।