Sylhet Today 24 PRINT

নিখোঁজের ৩ দিন পর ছাতকের আটোরিক্সা চালকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০১৭

৩ দিন নিখোঁজ থাকার পর ছাতকের অটোরিক্সা চালক প্রণয় চৌধুরী পিয়াস (২০) এর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড় আইল নামক স্থানে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

চালক পিয়াস উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রনব চৌধুরী কুটুর ছেলে।

সিএনজি চালিত অটোরিক্সার চালক পিয়াস গত রোববার রাত ১০টায় সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা বলে তার সহযোগী চালকদের কাছ থেকে বিদায় নেয়। এরপর থেকে তার ব্যবহৃত মুটোফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সোমবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইড়গাঁও এলাকা থেকে নিখোঁজ হওয়া চালকের (অনটেষ্ট) নম্বরবিহীন অটোরিক্সাটি থানা পুলিশ উদ্ধার করলেও চালকের কোন সন্ধান পায়নি।

এ ঘটনায় চালক পিয়াসের পিতা গত মঙ্গলবার থানায একটি সাধারন ডায়রী করেন।

ছাতক থানার এসআই সোহেল রানা জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.