Sylhet Today 24 PRINT

বাজেট আলোচনায়ও অনন্ত হত্যার বিচার দাবি, খুনিরা গ্রেফতার না হওয়ার সাংসদ কেয়া চৌধুরীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০১৫

ফাইল ছবি: সাংসদ কেয়া চৌধুরী অনন্ত হত্যার দিন অনন্তের মাকে সান্ত্বনা দিচ্ছেন

বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায়ও উঠে এসেছে লেখক ও ব্লগার হত্যার বিষয়টি। একাধিক বক্তা অনন্ত হত্যাকারীদের কাউকে এখনও গ্রেফতার না করতে পারায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সরকার দলীয় সাংসদ কেয়া চৌধুরীরে অনন্ত'র খুনিরা গ্রেফতার না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে প্রাক বাজেট আলোচনায় সংসদ সদস্য কেয়া চৌধুরী বলেন, আমাদের এখানে সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে তা সত্যিই এক অশনিসংকেত। এই শক্তি কয়েকদিন আগে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করেছে, অথচ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অনন্ত হত্যার দিন সরকার দলীয় নেতাদের মধ্যে একমাত্র কেয়া চৌধুরীই নিহতের পরিবারকে সান্তনা জানাতে তার বাসায় ছুটে গিয়েছিলেন। তিনিই সিলেটের একামাত্র জনপ্রতিনিধি হিসেবে অনন্ত হত্যা নিয়ে মুখ খুললেন।

সিলেটের অন্যান্য সাংসদ এবং সরকারদলীয় নেতারা অনন্ত বিজয় দাশ হত্যার দশদিন পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। বৃহস্পতিবারের প্রাক বাজেট আলোচনায় কেয়া চৌধুরীর আগে এক ব্যবসায়ী নেতাও অনন্ত বিজয় হত্যার বিচার দাবি করেন।

ব্যবসায়ী নেতা মুরাদ আহমদ বলেন, কয়েকদিন আগে আমাদের আম্বরখানা এলাকায় দিনদুপুরে এ ব্লগারকে হত্যা করা হয়েছে, অথচ এখন পর্যন্ত এ খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মুরাদ আহমদ এ ব্যাপারে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনন্ত বিজয় হত্যা নিয়ে কোনো মন্তব্য না করলেও সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, এটি অস্বীকার করার উপায় নেই যে আমাদের মনের গভীরে সাম্প্রদায়িকতা রয়ে গেছে। আমরা রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু এদেশের বেশিরভাগ মানুষ এখনো তা ধারণ করতে পারেনি, এটা অত্যন্ত দুঃখের।  এখন আমাদের নিজে নিজেকে প্রশ্ন করতে হবে- আমরা কী একটি উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র চাই, নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.