জগন্নাথপুর প্রতিনিধি | ১৪ আগস্ট, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেজাল পণ্য সহ আটক চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ইছন আলীর ছেলে লিটন মিয়া (৩৫), গোলাব আলীর ছেলে সুহেল মিয়া (২২), রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ছাবু মিয়া ছেলে রাসেল মিয়া (২৫) ও একই গ্রামের ফুলকাছ মিয়ার ছেলে সিজিল মিয়া (২০)।
রোববার (১৩ আগস্ট) সকালে পুলিশ জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে দুই ট্রলিভর্তি ভেজাল গুঁড়ো মশলাসহ চারজনকে আটক করে। জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। পরে বিকালে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করেন।
এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান জানান, তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেজাল গুড়ো মসলাকে ধ্বংস করা হয়েছে।