নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০১৫
শহর সমন্বয় কমিটির সদস্যদের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরপরিষদের সদস্যবৃন্দ ও শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সদস্যবৃন্দ আগামী অর্থবছরে পৌরসভার বাজেট কিরূপ হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন হবিগঞ্জে একটি শিশুপার্ক, ট্রাক টার্মিনাল ও ডাম্পিং সাইট নির্মানের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থবরাদ্দ রাখা দরকার। তারা অবকাঠামোগত উন্নয়ন, পানিনিস্কাশনকল্পে মাষ্টারপ্ল্যান, বিদ্যুত, পরিচ্ছন্নতা, পানিসরবরাহ, স্বাস্থ্যসেবাসহ নাগরিক সেবা খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য পরামর্শ দেন। এছাড়াও পৌরসভার উদ্যোগে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন, বেওয়ারিশ লাশ দাফনে পৌরসভার অর্থায়ন, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সহায়তা, বৃক্ষরোপন, দাতব্য কর্মসুচী তথা দরিদ্র-বান্ধব বাজেট তৈরী করতে নীতিগতভাবে সবাই ঐক্যমত পোষন করেন। ইউজিপ-৩ প্রকল্পে হবিগঞ্জ পৌরসভাকে টিকিয়ে রাখতে যথাসময়ে পৌরকর পরিশোধ করার জন্য নাগরিক সচেতনতা সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান পৌরপরিষদের সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, মোঃ মাহবুবুল হক হেলাল, সালমা আক্তার চৌধুরী, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, রোটারিয়ান ফনী ভুষন দাস, আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আজিজুর রহমান কাজল, মোঃ হিরাজ মিয়া, পৌরসচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, সিডিসি নেতৃবৃন্দসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ।
ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম সকলের পরামর্শ অনুযায়ী ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য একটি গ্রহণযোগ্য বাজেট প্রস্তুত করা হবে বলে সকলকে আশ্বস্থ করেন।