Sylhet Today 24 PRINT

খালেদার ‘জন্মদিনে’ মিলাদের আয়োজন: দরগাহ থেকে ছাত্রদলের ৮ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০১৭

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‌'জন্মদিন' উপলক্ষে সিলেটে আয়োজিত এক মিলাদ মাহফিল শেষে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৬টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দুলাল রাজা, জেলা ছাত্রদল নেতা পাভেল আহমদ, মো. আলী, কয়েস আহমদ, ইমরান আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদ।

আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, জাতীয় শোক দিবসে ছাত্রদলের এতো নেতাকর্মী একত্রিত হলে সন্দেহ হতেই পারে। সেই সন্দেহ থেকেই তাদের আটক করা হয়েছে।

কোতোয়ালী থানা হাজতে আটক থাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, খালেদা জিয়ার সুস্থতা ও বন্যা দুর্গত এলাকার লোকজনের জন্য হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে তারা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন। মিলাদ শেষে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.