Sylhet Today 24 PRINT

লাতু-জলঢুপ সড়কে সোনাই নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু

সোনাই নদীর উপর সেতু নির্মাণ ২ উপজেলার যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হবে: হুইপ মোঃ: শাহাব উদ্দিন

তপন কুমার দাস, বড়লেখা  |  ২২ মে, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মোঃ: শাহাব উদ্দিন এমপি বলেছেন, উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপির আতুয়া এলাকায় লাতু-জলঢুপ সড়কের সোনাই নদীর উপর ১০০ মিঃ দীর্ঘ সেতু  নির্মাণ কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে বড়লেখা-বিয়ানীবাজার দুই উপজেলার যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হবে। এতে সীমান্তবর্তী এ দুই উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের মানুষ আরও ঘুরে দাঁড়াতে পারবে। প্রতিবেশী দেশ ভারতের সাথে সীমান্ত হাট নির্মাণে এ সেতু ব্যবসা বাণিজ্য সম্প্রসারণসহ গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে। এ ব্রিজ নির্মাণ হলে বিভাগীয় শহর সিলেটের সাথে এ অঞ্চলের মানুষের প্রায় ১৫ কি: মি: রাস্তার ব্যবধান কমে আসবে।

হুইপ বলেন, বর্তমান সরকার সারাদেশের মত আমাদের সিলেট বিভাগসহ বড়লেখায় যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতেই কাজ করে যাচ্ছে।   
হুইপ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপির আতুয়া এলাকায় লাতু-জলঢুপ সড়কের সোনাই নদীর উপর ১০০ মিঃ দীর্ঘ সেতু  নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।   

হুইপ আরও বলেন, দেশ ও দেশের উন্নয়ন যখন সামনের দিকে এগিয়ে যায় তখন বিএনপি-জামায়াত জোট দেশের অগ্রযাত্রা ব্যাহত করার কাজে লিপ্ত হয়। এরা দেশ ও মানুষের জন্য অকল্যাণকর। রাজনীতি দেশ ও মানুষের কল্যাণেই নিহিত আছে। শান্তি বিনষ্টকারীরা সংখ্যায় কম তাই তারা দেশের অগ্রযাত্রা কিছুতেই  ব্যাহত  করতে পারবেনা।

সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হুইপ বলেছেন, চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হয়েছে। রফতানি ১০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়নে উন্নীত হয়েছে। আমাদের ব্যবসা-বাণিজ্য যতো বাড়বে, অর্থনৈতিক উন্নয়নও ততো দ্রুতগতিতে হবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সম্পাদক আবুল হোসেন আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, থানা অফিসার ইনচার্জ মোঃ: মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা আব্দুল হাসিব, শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, ছাত্রনেতা মাহবুবুর রহমান মবু, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা জাকের আহমদ প্রমুখ।

এদিকে সকালে দুই উপজেলার মানুষের আকাঙ্ক্ষিত এই সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উত্তর শাহবাজপুর ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল শোভাযাত্রা করে এবং বিভিন্ন স্থানে তোরণ বানিয়ে হুইপ শহাব উদ্দিনকে অভিবাদন জানান আওয়ামীলীগ নেতাকর্মিরা। বহু প্রত্যাশিত এই সেতুর কাজ শুরু হওয়ায় সব স্থরের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.