Sylhet Today 24 PRINT

নগরীর কালিবাড়ি থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০১৭

খুন, ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী তানিম আহমেদ বাবুল ওরফে বাবলুকে নগরীর কালিবাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাতে কালিবাড়ি থেকে তাকে জালালাবাদ থানা পুলিশ গ্রেপ্তার করে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএমপির পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার বাবলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়।

বাবলু নগরীর ৫১/বি,বন্ধন আ/এ, আখালিয়া নোয়াপাড়ার জমশেদ আলীর পুত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাতে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ জনাব মো. শফিকুল ইসলামের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই/(নি.) সুজন তালুকদার, এসআই (নি.) অঞ্জন কুমার দাশ, সেকেন্ড অফিসার এসআই (নি.) দিবাংশু পাল, এএসআই (নি.)সাজিদ খান সহ অন্যান্য ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে কালিবাড়ি এলাকা হতে বাবলুকে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত হতে একটি আধুনিক পাইপগান উদ্ধার করা হয় এবং এবিষয়ে জালালাবাদ থানার মামলা নং-০৮ তাং-১৭/০৮/২০১৭খ্রিঃ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ রুজু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার বিরুদ্ধে জালালাবাদ ও এয়ারপোর্ট থানার ৯ টি মামলা আদালতে বিচারাধীন আছে উল্লেখ করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.