Sylhet Today 24 PRINT

সিলেটে সমকাল স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০১৫

“তর্কে বিতর্কে, বিজ্ঞানে সাথে...” এই স্লোগানে সম্পন্ন হলো সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার সিলেট অঞ্চল পর্ব। যুক্তি-তর্কের তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে এতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাক্ষণবাড়িয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়। ইমতিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন এই দলের অপর দুই তার্কিক ছিলেন মুহয়ী শারদ ও আমান উল্লাহ সিজান।

সিলেট অঞ্চল পর্বের প্রতিযোগিতায় রানার্স আপ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের দলনেতা ইশতিয়াক আহমেদ পরাগ ফাইনালে সেরা তার্কিক হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এই দলের অপর দুই তার্কিক হলেন, আল ফারাবী চৌধুরী ও মো. ইরতিজা রহমান তালুকদার।

শুক্রবার নগরীর সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফাইনাল শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ভিসি প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ।

সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান। সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানীর পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন সুহৃদ সমাবেশ সিলেটের আহবায়ক রাজ কুমার দাস।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তাসলিমা আক্তার ও সাবেক সহ-সভাপতি ইশতিয়াক হোসেন মুন্সী।

প্রধান অতিথির বক্তৃতায় ভিসি প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ দেশের উন্নতির জন্য বিজ্ঞান-প্রযুক্তির ভূমিকা উল্লেখ করে বলেন, আমাদের দেশে মোট জনসংখ্যার বিশাল অংশ তরুণ সমাজ। আশা কথা দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার প্রতি জোর দিয়ে তিনি বলেন, বিজ্ঞানের উদ্দেশ্য বিতর্কের মধ্যে দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। তিনি বলেন, একটা দেশ কতখানি এগিয়েছে, তা অন্য দেশের প্রযুক্তির ব্যবহারে বোঝায় না। এক্ষেত্রে নিজস্ব বিজ্ঞানের আবিস্কার ও প্রযুক্তির ব্যবহারই বিবেচ্য।

দেশের সার্বিক উন্নতির জন্য শহরের পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার উপর জোর দিয়ে প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ বলেন, বড়রা অনেক সময় বলি আমরা পড়াশোনা বেশি করেছি। কিন্তু আজকের কিশোর-তরুণদের  বয়সে আমরা তাদের তুলনায় এক শতাংশও জানতাম কি-না, সন্দেহ আছে। এতে বোঝা যায় তারা এগিয়ে যাচ্ছে সঠিক পথে।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রভাষক প্রনব কান্তি দেব, সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, ফটো সাংবাদিক ইউসুফ আলী, শাবি প্রতিনিধি তন্ময় মোদক, সুহৃদদের যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, সদস্য সচিব সুব্রত বসু, সুজিত দাস, আবদুল আলীম প্রমুখ।

প্রতিযোগিতায় এছাড়াও অংশ নেয় দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল (মৌলভীবাজার), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় (সিলেট) ও কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের বিতার্কিক দল। সিলেট অঞ্চল পর্বের চ্যাম্পিয়নরা আগামী ৫ ও ৬ ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.