Sylhet Today 24 PRINT

রাজনগরের হাওরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১৯ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে নৌকাডুবিতে নিখোঁজ মনির মিয়ার (৫৮) লাশ পাওয়া গেছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় লাশটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়া ও একই গ্রামের মনির মিয়া গত বৃহস্পতিবার রাতে মাছ ধরার জন্য কাউয়াদীঘি হাওরের শালকাটুয়া বিলে যান। রাত দেড়টার দিকে ঝড় শুরু হলে পাড়ে ফেরার চেষ্টা করেন তারা। এসময় ঢেউয়ের তীব্রতায় নৌকাটি ডুবে যায়। এতে মনির মিয়া পানিতে তলিয়ে যান। সুন্দর মিয়া সাঁতার কেটে হাওরের কান্দিগাঁও এলাকার পাড়ে ওঠেন।

ঘটনার ৩৩ ঘন্টা পর শনিবার (আগস্ট ১৯) সকাল ৯ টায় উপজেলার ফতেহপুর ইউপির শাহবাজপুর এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

রাজনগর থানার উপ-পরিদর্শক অজিত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.