মতিউর রহমান মুন্না, হবিগঞ্জ থেকে | ২০ আগস্ট, ২০১৭
হবিগঞ্জের বাহুবলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চলিতাতলা নামক স্থানে আব্দুল হামিদ (৪৫) নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আব্দুল হামিদ উপজেলার মন্ডলকাপন গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র। তার নামে মাদক ব্যবসা ও চুরি ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলার সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সামনে আব্দুল হামিদ একটি মোটরসাইকেল যোগে আসা মাত্র ৪/৫ দুর্বৃত্ত প্রকাশ্যে কুপিয়ে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদ-এর নিথর দেহ উদ্ধারে করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। ঘটনার পরপর পুলিশ সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ধারণা করা হচ্ছে, এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের বিরোধকে ঘিরেই এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এসপি রাসেলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুল হামিদদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।