Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভাঙ্গা রাস্তায় খাদে তলিয়ে গেল ট্রাক, সড়ক যোগাযোগ বন্ধ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২০ আগস্ট, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবেরবাজার-গোয়ালবাজার রাস্তার বেহাল দশার কারণে পণ্য বোঝাই একটি ট্রাক খাদে তলিয়ে গেছে। শনিবার (১৯ আগষ্ট) মধ্যরাতে সৈয়দপুরের ঈশানকোণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার সাড়া দিন বিকল্প রাস্তা দিয়ে ছোট-ছোট যানবাহন চলাচল করলেও বড় কোনো যানবাহন চলতে না পারায় ভোগান্তিতে পড়তে হয়েছে জনসাধারণকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৈয়দপুর বাজারের তায়েফ ষ্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে সিলেট থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই ট্রাক শনিবার মধ্যরাতে সৈয়দপুর ঈশানকোণায় এসে পৌঁছে। সেখান থেকে সৈয়দপুর বাজারে যাওয়ার পথে ভাঙ্গা রাস্তায় আটকা পড়ে ট্রাকটি। ক্ষতস্থান থেকে উদ্ধার কাজ করতে গেলে ট্রাকটি খাদে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। ট্রাকে থাকা  ১৩০ বস্তা চাল, ১৫ বস্তা চিনিসহ বিভিন্ন মনিহারি পণ্য তলিয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্টান মালিক তায়েফ আহমদ জানান। রোববার ভোর থেকেই এ সড়ক দিয়ে যানচলাচল সরাসরি ভাবে বন্ধ রয়েছে। বিকল্প রাস্তা আড়িকোণা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে সরেজমিনে গিয়ে দেখা যায়। আর বড় ও মাঝারি যানবাহন আটকা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সৈয়দ হিলাল ও আলী হোসেন জানান, রাস্তার বেহাল দশার কারণে গত দুই মাসের ব্যবধানে একই জায়গায় ৪-৫টি দুর্ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত ঝুঁঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয় জনসাধারণকে। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আমরা আতঙ্কিত রয়েছি। জরুরী ভিত্তিতে সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন ওই ব্যবসায়ীবৃন্দ।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ক্ষতস্থানে ইট দিয়ে জনদূর্ভোগ ঠেকানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.