Sylhet Today 24 PRINT

মাধবপুরের টিপু হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

হামিদুর রহমান, মাধবপুর |  ২৩ আগস্ট, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে দেওয়ান মহসিন টিপু হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভিন এই আদেশ দেন।

ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামীরা হলেন সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর, এরশাদ আলী, আব্দুল মালে, আতাউর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশারফ হোসেন। এর মাঝে সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর ও আব্দুল মালেক রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রাপ্তরা হলেন হরমুজ আলী, মোস্তাক আহমেদ, জানু মিয়া, শানু মিয়া, জাবেদ মিয়া, জহির মিয়া, বকুল মিয়া, আমির আলী, দুলাল মিয়া, সায়েদ মিয়া ও কামাল মিয়া এর মাঝে সায়েদ মিয়া রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহ আব্দুল গনি, আবু মিয়া ও আব্দুল মজিদকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণাকালে শাহ নুরুল গনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালের ৭ জানুয়ারি মহসিন মাস্টারের ছেলে দেওয়ান মহসিন টিপুকে তার ঘরে প্রবেশ করে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দুই দিন পর ৯ জানুয়ারি টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবী মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.