Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে দেশে তৈরি অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৪ আগস্ট, ২০১৭

সিলেটের জৈন্তাপুর থেকে দেশে তৈরি অস্ত্র ও গুলিসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব) আব্দুল সাত্তার (৩৭) কে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চতুল বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গিতে গোঁজা একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপগান এবং চার (০৪) রাউন্ড গুলি পাওয়া যায় । পরে তাকে গ্রেপ্তার ও গুলিসহ অস্ত্র উদ্ধার করে র‍্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামী আব্দুল সাত্তার (৩৭) জৈন্তাপুর থানার বালিধারা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে নিজ হেফাজতে অস্ত্র রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এবং কিছু কিছু সময়ে এই অস্ত্র ভাড়া দিয়ে থাকে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, মারামারিসহ নানাবিধ অপরাধের অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে মনিরুজ্জামান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.