নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০১৫
গণজাগরণ মঞ্চ, সিলেটের সংগঠক ও সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের উপর হামলার ঘটনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। শনিবার বিকেলে কবি নজরুল অডিটরিয়ামের পাশ্ববর্তী মুক্তমঞ্চে এই প্রতিবাদী আয়োজন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার রাতে এই স্থানেই ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন রজত।
শনিবারের সাংস্কৃতিক সমাবেশ থেকে রজতের উপর হামলাকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব'র সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ'র সঞ্চালনায় সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পী প্রতিবাদী গান, আবৃত্তি, নাক পরিবেশন করেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাট্য-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।