Sylhet Today 24 PRINT

সিলেটে এবার কোরবানি দেওয়া হবে সাড়ে ৫ লাখ পশু

নিজস্ব প্রতিবেদক |  ২৬ আগস্ট, ২০১৭

আসন্ন ঈদুল আযহায় সিলেট বিভাগে এবার প্রায় সাড়ে ৫ লাখ পশু কোরবানি দেওয়া হবে। গত বছরের ঈদে ৫ লাখ ৪২ হাজার ৪৮৭ টি পশু কোরবানি দেওয়া হয়। এমন তথ্য জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক ডা. মো. গিয়াস উদ্দিন।

সিলেটে প্রধানত গরু ও ছাগল কোরবানি দেওয়া হবে বলে জানান তিনি। বন্যা ও ফসলাহানির কারণে ঈদে পশু কোরবানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।

কোরবানির চাহিদার তুলনায় সিলেটে অধিক পশু রয়েছে জানিয়ে গিয়াস উদ্দিন বলেন, সিলেটের চার জেলার ৩৯ উপজেলার ৩৬ হাজার ৬১২টি ব্যক্তিগত খামারে ৩ লাখ ৩৮ হাজার ৫১১ টি গরু ও ছাগল হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। এছাড়া পারিবারিকভাবে আরো ৩ লক্ষ গবাদিপশু বিক্রয়ের জন্য প্রস্তুত রয়েছে। ফলে সিলেটে কোরবানির পশুর কোনো সঙ্কট পড়বে না।

এদিকে, ঈদুল আযহা এগিয়ে আসলেও এখনো জমেনি সিলেটের কোরবানির হাট।  সিলেট নগরীর প্রধান পশুর হাট কাজিরবাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা হাটে পশু নিয়ে বসে থাকলেও এখনো তেমন ক্রেতা সমাগম ঘটেনি। আরো দু' তিনদিন পর থেকে ক্রেতা সমাগম বাড়বে বলে জানিয়েছেন তারা।

এবার সিলেট জেলায় ৮৩ টি পশুর হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলার কোথাও অবৈধভাবে পশুর হাট বসতে দেওয়া হবে না ও রাস্তায় জোরপূর্বক গরুবাহী গরু আটকানো যাবে না বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।

আর গত ২৩ আগস্ট সংশ্লিস্টদের নিয়ে এক বৈঠকে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, সিলেটে সড়কের উপরে পশুর হাট বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না এবং যত্রতত্র অবৈধভাবে গরুর হাট বসানো যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.