Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আ’লীগের পাল্টা কর্মসূচিতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান পণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৬ আগস্ট, ২০১৭

হবিগঞ্জে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে পন্ড হয়ে গেছে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান। শনিবার বিকেলে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেলে বিএনপি নেতৃবৃন্দ আব্দাবখাই গ্রামে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালনে যান। তাৎক্ষণিক একই স্থানে ওই সময় সভা আহ্বান করে স্থানীয় আওয়ামী লীগ। এ সময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং উভয়পক্ষকে সভাস্থল থেকে সরিয়ে দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ জানান, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি এটি। সারা দেশের ন্যায় হবিগঞ্জেও এ কর্মসূচি পালন করা হচ্ছে। সদর উপজেলার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হলেও এখানে এসে নির্লজ্জের মতো তারা বাঁধা দেয়। পুলিশের বিরুদ্ধেও তিনি বাঁধা দেয়ার অভিযোগ আনেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, দু’পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। উভয়পক্ষের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.